
কলকাতা, ৮ জুলাই (হি. স.):-বারুইপুরের নির্যাতিতার সুবিচারের দাবিতে বুধবার বালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ডাকা প্রতিবাদ মিছিল শুরুর আগেই উত্তেজনা ছড়ায়। কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতির ভিত্তিতে মিছিলের আয়োজন করা হয়। নির্ধারিত সময়ের আগে থেকেই বালিগঞ্জে দলীয় কর্মী-সমর্থকদের জমায়েত শুরু হয়।অভিযোগ, মিছিল শুরুর আগে উপস্থিত একদল বিরোধী সমর্থক 'চোর চোর' স্লোগান দিতে শুরু করেন। এর জবাবে তৃণমূল কর্মী-সমর্থকেরা 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন। কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিল শুরু হয়।এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেতৃত্ব পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। তাদের অভিযোগ, উস্কানিমূলক স্লোগান দেওয়া হলেও পুলিশ প্রাথমিক পর্যায়ে যথাযথ ব্যবস্থা নেয়নি। অন্যদিকে বিজেপির দাবি, সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এই প্রতিবাদ ও স্লোগান উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।উল্লেখ্য, এই মিছিলের অনুমতি দেওয়ার সময় কলকাতা হাইকোর্ট অংশগ্রহণকারীর সংখ্যা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে একাধিক শর্ত আরোপ করেছিল। সেই শর্ত মেনেই কর্মসূচি পরিচালনার দাবি করেছে তৃণমূল। পরিস্থিতির ওপর নজর রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়