
রানাঘাট, ৮ জুলাই (হি. স.): রথযাত্রা উৎসবকে সামনে রেখে নদিয়ার রানাঘাটের রামনগর এলাকায় এখন তুঙ্গে ছোট রথ তৈরির ব্যস্ততা। হাতে আর কয়েক দিন বাকি রথযাত্রার। সেই কারণে দিন-রাত এক করে কাঠের ছোট রথ তৈরিতে মগ্ন স্থানীয় কারিগরেরা। প্রতি বছর এই সময়ই তাঁদের কাজের চাপ সবচেয়ে বেশি থাকে।কারিগরদের বক্তব্য, ছোট রথ তৈরির কাজ মূলত দুই মাসের জন্য চলে। রথযাত্রা ও উল্টো রথের মরসুম শেষ হলে তাঁরা অন্য পেশায় ফিরে যান। বছরের এই সময়ের উপার্জনের উপরই অনেকটাই নির্ভর করে তাঁদের সংসার।পুরীর জগন্নাথদেবের রথযাত্রাকে ঘিরে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হলেও, রাজ্যের বিভিন্ন প্রান্তেও রথযাত্রা উৎসব ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেক পরিবার বাড়িতে ছোট রথ টেনে ধর্মীয় আচার পালন করেন। সেই চাহিদা মেটাতেই বিভিন্ন আকার ও নকশার রথ তৈরি করছেন কারিগরেরা।স্থানীয় ব্যবসায়ীদের দাবি, গত বছরের তুলনায় এবার ছোট রথের চাহিদা বেড়েছে। ফলে বিক্রিও ভালো হবে বলে আশা করছেন তাঁরা। বাড়তি অর্ডার সামলাতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ চলছে। ভালো বিক্রির আশায় উৎসবের মরসুমকে ঘিরে আশাবাদী রামনগরের ছোট রথ নির্মাতারা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়