
কলকাতা, ৮ জুলাই (হি. স.): ভুয়ো ইডি অফিসার সেজে হুমকি! মোটা অঙ্কের টাকা দাবি। না হলে আর্থিক তছরূপ মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি। কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়কে ভয় ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রৌঢ়। তাঁকে গ্রেফতার করেছে রবীন্দ্র সরোবর থানা। তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ রবীন্দ্র সরোবর থানায় একটি ফোন আসে। ফোনটি করেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, দেশপ্রিয় পার্কের পিছনে ১৭১ মতিলাল নেহরু রোডের ‘অ্যারিকো ক্যাফে’-তে এক ব্যক্তি তাঁকে আটকে রেখে হুমকি দিচ্ছেন। তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
থানার একটি দল দ্রুত ওই ক্যাফেটিতে পৌঁছয়। সেখান থেকেই ধরা হয় হরিদেবপুরের কৈলাশ ঘোষ রোডের বাসিন্দা তথা বর্তমানে রিজেন্ট পার্কের গভর্নমেন্ট কলোনির ভাড়া থাকা যুধাজিৎ ঘোষকে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত