
আরামবাগ , ৮ জুলাই (হি.স.): বুধবার হুগলি জেলায় নতুন সরকারের আমলে প্রথমবারের মতো জেলা-স্তরের মেগা ক্রেডিট ক্যাম্প অনুষ্ঠিত হল আরামবাগের কালিপুর নেতাজি মহাবিদ্যালয়ে। জানা গেছে,মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং ক্ষুদ্র ব্যবসার প্রসারে প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই শিবিরে জেলার বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর বহু মহিলা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রভাত চ্যাটার্জি, মহকুমা শাসক রবি কুমার, বিধায়ক হেমন্ত বাগ, বিডিও সন্দীপ পাঠক, খানাকুল–১ ব্লকের বিডিও অদিতি গাঙ্গুলী-সহ প্রশাসনের একাধিক আধিকারিক। যোগ্য উপভোক্তাদের হাতে সর্বোচ্চ লক্ষাধিক টাকা পর্যন্ত ঋণের চেক তুলে দেওয়া হয়। ন্যাপকিন উৎপাদন, বিউটি পার্লার, হস্তশিল্প ও খাদ্য প্রক্রিয়াকরণের মতো বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত মহিলারা এই আর্থিক সহায়তায় ব্যবসা সম্প্রসারণের আশা প্রকাশ করেন। অতিরিক্ত জেলাশাসক প্রভাত চ্যাটার্জী জানান, প্রতি মাসেই ঋণ প্রদান করা হলেও নতুন সরকারের আমলে এটাই জেলার প্রথম মেগা ক্রেডিট ক্যাম্প। প্রশাসনের আশা, এই উদ্যোগ আরও বেশি মহিলা উদ্যোক্তাকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA