
আরামবাগ , ৮ জুলাই (হি.স.): বর্ষার মরসুমে সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় বুধবার বন্যাপ্রবণ খানাকুল এলাকার অরোরা খাল সংস্কারের কাজ পরিদর্শন করেন সেচ (ইরিগেশন) দফতরের আধিকারিকরা। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন আরামবাগের মহকুমা শাসক রবি কুমার মিনা এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ।
পরিদর্শনের সময় খালের সংস্কারকাজের অগ্রগতি, জলনিকাশী ব্যবস্থা এবং বর্ষাকালে জল জমার সম্ভাব্য সমস্যাগুলি খতিয়ে দেখা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এদিন মহকুমা শাসক ও বিধায়ক স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের কাছ থেকে এলাকার জলনিকাশী সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শোনেন। বর্ষার সময় যাতে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আশঙ্কা কমানো যায়, সেই লক্ষ্যেই প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়।
স্থানীয় বাসিন্দাদের আশা, অরোরা খালের সংস্কার সম্পূর্ণ হলে বর্ষাকালে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যা সমস্যার অনেকটাই সমাধান হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA