গোঘাটের শুনিয়াতে বামেদের পার্টি অফিস দখলকে কেন্দ্র করে উত্তেজনা
আরামবাগ , ৮ জুলাই (হি.স.): গোঘাট অঞ্চলের শুনিয়া গ্রামে কৃষক সমিতির একটি পুরনো অফিসকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তেজনার সৃষ্টি হয়। সিপিআই(এম)-এর দাবি, প্রায় ৪০ বছর আগে গোঘাট অঞ্চল কৃষক সমিতির উদ্যোগে ওই গ্রাম কমিটির অফিস গড়ে ওঠে এবং দীর্ঘদিন ধর
সিপিআইএম নেতা ভাস্কর রায়


আরামবাগ , ৮ জুলাই (হি.স.): গোঘাট অঞ্চলের শুনিয়া গ্রামে কৃষক সমিতির একটি পুরনো অফিসকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তেজনার সৃষ্টি হয়। সিপিআই(এম)-এর দাবি, প্রায় ৪০ বছর আগে গোঘাট অঞ্চল কৃষক সমিতির উদ্যোগে ওই গ্রাম কমিটির অফিস গড়ে ওঠে এবং দীর্ঘদিন ধরে সেখান থেকেই সংগঠনের কাজকর্ম পরিচালিত হয়ে আসছে।

সিপিআই(এম)-এর অভিযোগ, সম্প্রতি বিজেপির কয়েকজন কর্মী ওই অফিসে তালা লাগিয়ে দেন। এরপর উভয় পক্ষই পাল্টাপাল্টি তালা লাগায়। বুধবার সকাল প্রায় ৮টা নাগাদ সিপিআই(এম) নেতা ভাস্কর রায় কয়েকজন নেতা ও কর্মীকে নিয়ে অফিসের তালা ভাঙার উদ্যোগ নিলে বিজেপির ৬-৭ জন কর্মী সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয় বলে অভিযোগ।

পরিস্থিতি উত্তপ্ত হলেও স্থানীয় কর্মীদের স্বার্থে সংঘাত এড়াতে সিপিআই(এম)-এর নেতারা সেখান থেকে সরে আসেন বলে দাবি করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত মানুষের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম) নেতা ভাস্কর রায় বলেন, “এইভাবে বামপন্থীদের আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে না। পৃথিবী গোল, ইতিহাস পরিবর্তনশীল। অনেক জায়গায় পার্টি অফিস না থাকলেও পার্টির কাজ থেমে নেই, ভবিষ্যতেও থামবে না।”

যদিও এই ঘটনার বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande