
আরামবাগ , ৮ জুলাই (হি.স.): দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বুধবার কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন উপপ্রধান শুভ্র প্রকাশ লাহা। গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারের তত্ত্বাবধানে এই দায়িত্বভার গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়।
জানা যায়, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে দীর্ঘদিন পঞ্চায়েতে অনুপস্থিত ছিলেন। পরে একাধিক মামলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। ফলে গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজকর্ম কার্যত ব্যাহত হয় এবং বিভিন্ন সরকারি পরিষেবা পেতে সমস্যার মুখে পড়েন এলাকার সাধারণ মানুষ।
এই পরিস্থিতিতে প্রশাসনিক কাজ স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে আজ উপপ্রধান শুভ্র প্রকাশ লাহা আনুষ্ঠানিকভাবে প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর শুভ্র প্রকাশ লাহা জানান, গ্রাম পঞ্চায়েতের সমস্ত পরিষেবা দ্রুত স্বাভাবিক করা হবে এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দাদের আশা, নতুন দায়িত্ব গ্রহণের ফলে দীর্ঘদিন ধরে থমকে থাকা উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক পরিষেবা আবারও স্বাভাবিক গতিতে এগিয়ে চলবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA