আগামীকাল শুরু ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ, ৬,৪৫৭ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা
আগরতলা, ৮ জুলাই (হি.স.) : ত্রিপুরায় শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ। দুই দিনব্যাপী এই ব্যবসায়িক সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই দেশ-বিদেশের ১৮৯টি বিনিয়োগকা
সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সান্ত্বনা চাকমা


আগরতলা, ৮ জুলাই (হি.স.) : ত্রিপুরায় শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ। দুই দিনব্যাপী এই ব্যবসায়িক সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই দেশ-বিদেশের ১৮৯টি বিনিয়োগকারী সংস্থার কাছ থেকে আগ্রহপত্র পাওয়া গেছে এবং এর মাধ্যমে আনুমানিক ৬ হাজার ৪৫৭ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা।

মন্ত্রী জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠানের সূচনা হবে এবং বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।

মন্ত্রী সান্তনা চাকমা বলেন, “কথায় আছে বাণিজ্যে বসত লক্ষ্মী। আর লক্ষ্মীবার থেকেই ত্রিপুরায় বিনিয়োগ ও শিল্পোন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।”

এই কনক্লেভে বিশ্বের ৯টি দেশের প্রতিনিধিসহ প্রায় ১,৫০০ জন বিনিয়োগকারী ও শিল্পোদ্যোগীকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ১১৩ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কনসাল জেনারেলদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ, ফিলিপিন্স, চিলি, নেপাল, উজবেকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য দফতরের সচিব কিরণ গিত্যে জানান, এই কনক্লেভকে সফল করতে দিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও গুয়াহাটিতে একাধিক রোড শো আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই ৩০০-র বেশি বিনিয়োগকারী ও শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরও জানান, কনক্লেভ চলাকালীন প্রায় ৭০ হাজার কোটি টাকার সমঝোতা স্মারক তথা মউ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য বিনিয়োগের প্রধান ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে পর্যটন, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, রাবার শিল্প, আগর, বাঁশ ও বেত শিল্প এবং আগর কাঠভিত্তিক শিল্প।

উল্লেখ্য, ২০২৫ সালের বিজনেস কনক্লেভে মোট ৮৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যার মাধ্যমে ৩,৮১৬.৬৮ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া যায়। এর মধ্যে ১,১৭৩ কোটি টাকার বিনিয়োগ সম্বলিত ৪২টি প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে।

রাজ্য সরকার মনে করছে, ‘বিকশিত ভারত’-এর সঙ্গে সাযুজ্য রেখে ‘বিকশিত ত্রিপুরা’ গড়ে তোলার ক্ষেত্রে এই ব্যবসায়িক সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, ত্রিপুরাকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম বিনিয়োগবান্ধব রাজ্য হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande