
আগরতলা, ৮ জুলাই (হি.স.) : নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ। বুধবার বিকেলে স্টেশনে নিয়মিত টহলদারির সময় বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বহিরাজ্যের যুবককে আটক করা হয়েছে।
জানা গেছে, বুধবার বিকেলে এসআই মঙ্গল দেববর্মার নেতৃত্বে জিআরপি থানার পুলিশ রেল স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে টহল দিচ্ছিল। সেই সময় স্টেশনে এসে পৌঁছায় দেওঘর এক্সপ্রেস ট্রেন। ট্রেন থেকে নামার পর এক যুবককে সন্দেহজনকভাবে আচরণ করতে দেখে পুলিশের নজরে আসে। যুবকটি একটি ট্রলি ব্যাগ এবং একটি কালো রঙের হ্যান্ডব্যাগ নিয়ে দ্রুত স্টেশনের মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছিল।
পুলিশ তাঁকে আটক করে সঙ্গে থাকা ব্যাগ দুটিতে তল্লাশি চালায়। তল্লাশিতে ব্যাগের ভিতর থেকে মোট ২৩০ শিশি এসকফ সিরাপ উদ্ধার হয়। উদ্ধার হওয়া নেশাজাতীয় সামগ্রীর আনুমানিক কালোবাজারি মূল্য ৫ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানায়, তাঁর কাজ ছিল ব্যাগ দুটি স্টেশনের বাইরে নিয়ে যাওয়া। বাইরে বের হওয়ার পর অন্য কয়েকজন ব্যক্তি তাঁর কাছ থেকে ব্যাগগুলি সংগ্রহ করার কথা ছিল। তবে ওই ব্যক্তিদের পরিচয় এবং চক্রটির সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ আধিকারিকরা।
ঘটনার পরপরই ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জিআরপি পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে।
এদিন সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে জিআরপি থানার ওসি রাজু ভৌমিক জানান, নেশা পাচার রুখতে জিআরপি থানার অভিযান আগামী দিনেও একইভাবে জোরদার থাকবে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করার জন্য তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ