
জম্মু, ৯ জুলাই (হি.স.): বৃহস্পতিবার জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে অমরনাথের গুহা মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছে তীর্থযাত্রীদের অষ্টম দল| কড়া নিরাপত্তার মধ্যে রওনা হওয়া এই দলে রয়েছেন ৮ হাজারের বেশি পুণ্যার্থী|
বৃহস্পতিবার প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ৮ হাজার ১৫০ জন তীর্থযাত্রী ৩৩৪টি গাড়িতে রওনা হন এদিন। এই দলে রয়েছেন বালতালের ৩ হাজার ৪৪৫ জন এবং পহেলগামের ৪ হাজার ৭০৫ জন পুণ্যার্থী। তাঁদের যাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বাহিনী ও শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড যৌথ উদ্যোগ নিয়েছে।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা ২ জুলাই এই যাত্রার সূচনা করেন| জম্মু থেকে তীর্থযাত্রীদের প্রথম দলকে রওনা করিয়েছিলেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ