
নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলনে সমর্থন জানালেন শিবসেনা (ইউবিটি)-র সাংসদ অরবিন্দ সাওয়ান্ত এবং সিপিআই(এম)-এর প্রাক্তন সাংসদ সুভাষিনী আলি। বৃহস্পতিবার তাঁরা জন্তর মন্তরে পৌঁছে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
সিজেপি-র প্রধান অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ জানান, অরবিন্দ সাওয়ান্ত এবং সুভাষিনী আলির এই আন্দোলনে যোগদান ছাত্রদের লড়াইকে আরও শক্তিশালী করেছে। আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে তাঁদের ধন্যবাদও জানানো হয়েছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা একাধিক শিক্ষা-সংক্রান্ত সমস্যা ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে গত ২০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের মূল দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই আন্দোলনে ইতিমধ্যেই বিরোধী শিবিরের একাধিক নেতা সমর্থন জানিয়েছেন।
অন্যদিকে, পরিবেশবিদ সোনম ওয়াংচুক গত ১২ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁর সঙ্গে আন্দোলনরত ছাত্রদেরও দাবি, তাঁদের দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত এবং দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা পদত্যাগ না করা পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য