
কায়রো, ৯ জুলাই (হি.স.): মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন বুধবার জানিয়েছে যে, ২০২৬ ফিফা বিশ্বকাপে মিশরের সফল অভিযানের পর তারা জাতীয় দলের কোচ হোসাম হাসানের চুক্তি নবায়নের অনুমোদন দিয়েছে।
ইএফএ এক বিবৃতিতে জানিয়েছে, “ইএফএ সভাপতি হানি আবু রিদা ঘোষণা করেছেন যে, অ্যাসোসিয়েশনের বোর্ড মিশর জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসান এবং টিম ডিরেক্টর ইব্রাহিম হাসানের চুক্তি নবায়নের অনুমোদন দিয়েছে।”
৫৯ বছর বয়সি এই কোচ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নিযুক্ত হন এবং মিশরকে ২০২৫ সালের আফ্রিকা কাপ অফ নেশনসের সেমিফাইনালে নিয়ে যান।
গ্রুপ জি-তে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে হাসানের অধীনে মিশর তাদের প্রথম বিশ্বকাপ জয় তুলে নেয়।
টুর্নামেন্টের প্রথম নকআউট ম্যাচে, রাউন্ড অফ ৩২-এ দলটি অস্ট্রেলিয়াকে পেনাল্টিতে পরাজিত করে, কিন্তু কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে যায়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে, নতুন চুক্তিটি ২০৩০ সাল পর্যন্ত চলবে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি