
নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): আমেরিকার স্বাধীনতার ২৫০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক নৌ-সমীক্ষা (ইন্টারন্যাশনাল নেভাল রিভিউ)-তে ভারতের প্রতিনিধিত্ব করল ভারতীয় নৌবাহিনীর পাল-প্রশিক্ষণ জাহাজ (সেল ট্রেনিং শিপ) আইএনএস সুদর্শিনী। ট্রান্স-ওশানিক অভিযানের অংশ হিসেবে নিউইয়র্ক বন্দরে অবস্থানকালে জাহাজটি ভারতের সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্য বিশ্বের সামনে তুলে ধরার পাশাপাশি ভারত-আমেরিকা কৌশলগত ও সাংস্কৃতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে।
ভারতীয় নৌবাহিনী ১০ মাসব্যাপী ট্রান্স-ওশানিক মোতায়েনের অংশ হিসেবে দেশেই নির্মিত তিন মাস্তুলবিশিষ্ট ৫৪ মিটার দীর্ঘ আইএনএস সুদর্শিনীকে পাঠিয়েছে। এই জাহাজের মূল উদ্দেশ্য, বাস্তব সমুদ্র পরিবেশে নৌবাহিনীর তরুণ ক্যাডেটদের ঐতিহ্যবাহী নৌচালনা দক্ষতা (সিম্যানশিপ) ও নেভিগেশনের প্রশিক্ষণ দেওয়া। সেই অভিযানেরই অংশ হিসেবে ৮ জুলাই আমেরিকার স্বাধীনতার ২৫০তম বর্ষ উদ্যাপনে আন্তর্জাতিক নৌ-সমীক্ষায় অংশ নেয় জাহাজটি।
সফরের অন্যতম আকর্ষণ ছিল ‘প্যারেড অব সেইল’-এ আইএনএস সুদর্শিনীর অংশগ্রহণ। এই সময় জাহাজটি স্ট্যাচু অব লিবার্টির পাশ দিয়ে এবং হাডসন নদী ধরে আন্তর্জাতিক টল শিপ ও বিভিন্ন নৌযানের বহরের সঙ্গে গর্বের সঙ্গে ভারতের তিরঙ্গা উড়িয়ে অগ্রসর হয়।
ব্রুকলিনে অবস্থানকালে আইএনএস সুদর্শিনী ভাসমান ভারতীয় দূতাবাসের ভূমিকা পালন করে। ভারতীয় বংশোদ্ভূত মানুষ এবং সামুদ্রিক ঐতিহ্যে আগ্রহী দর্শক-সহ এক হাজারেরও বেশি মানুষ জাহাজটি পরিদর্শন করেন। তাঁদের ভারতীয় নৌবাহিনীর পাল-প্রশিক্ষণ ব্যবস্থা এবং ভারতের সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
জাহাজটিতে নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল বিনয়া শ্রীকান্ত প্রধান, রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরীশ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি সফর করেন। তাঁরা নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভারতের সামুদ্রিক ঐতিহ্য প্রচার ও ভারত-আমেরিকার নৌ-সম্পর্ক জোরদারে এই সফরের প্রশংসা করেন।
জাহাজে আয়োজিত এক নৈশভোজে কূটনীতিক, সামরিক আধিকারিক এবং বিশিষ্ট অতিথিরা অংশ নেন। সেখানে ভারত-আমেরিকার বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।
নিউইয়র্ক সফর শেষে আইএনএস সুদর্শিনী বোস্টনের উদ্দেশে রওনা দিয়েছে। সেখানে ‘সেইল বোস্টন সেলিব্রেশন’-এ অংশ নেবে জাহাজটি। ‘লোকায়ন-২০২৬’ অভিযানের অংশ হিসেবে আইএনএস সুদর্শিনী সমুদ্রপথে ভারতীয় নৌবাহিনীর বন্ধুত্ব, সামুদ্রিক সহযোগিতা এবং সদ্ভাবনার বার্তা বহন করে চলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য