
দেহরাদূন, ৯ জুলাই (হি.স.): 'জাতীয় শিক্ষানীতি ২০২০' এবং 'উল্লাস'-এর আওতায় প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা সংক্রান্ত নির্ধারিত মানদণ্ড অর্জনের মাধ্যমে উত্তরাখণ্ড দেশের ষষ্ঠ সম্পূর্ণ সাক্ষর রাজ্যে পরিণত হয়েছে। ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীন 'স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ' কর্তৃক নির্ধারিত সাক্ষরতার মানদণ্ড পূরণের পর, ৮ জুলাই রাজ্যপাল এই ঘোষণার অনুমোদন দেন। এই অর্জনের ফলে মিজোরাম, গোয়া, ত্রিপুরা, হিমাচল প্রদেশ ও সিকিমের পাশাপাশি উত্তরাখণ্ডও সম্পূর্ণ সাক্ষর রাজ্যের তালিকায় যুক্ত হলো, যা রাজ্যের শিক্ষাগত উন্নয়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই প্রাপ্তিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এটি সরকারের ধারাবাহিক প্রচেষ্টা ও জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন। তিনি সকল নাগরিকের জন্য ডিজিটাল সাক্ষরতা, আর্থিক সাক্ষরতা, অব্যাহত শিক্ষা ও জীবন-দক্ষতা প্রসারে রাজ্য সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এই সাফল্যের জন্য উত্তরাখণ্ডের জনগণকে অভিনন্দন জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ