
কলকাতা, ১ আগস্ট (হি.স.): আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬–এর ‘ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ’-এর দশম বর্ষের আসর এ বার প্রথমবারের জন্য বসছে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। শনিবার, ১ অগস্ট দুপুর ২টো থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। উদ্যোক্তাদের দাবি, দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৮ হাজার ক্যারাটে প্রতিযোগী এই আসরে অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, পরিবহণমন্ত্রী অর্জুন সিং এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। আয়োজকদের বক্তব্য, বাংলায় বিভিন্ন ধরনের ক্রীড়াকে আরও উৎসাহিত করা এবং ক্রীড়া পরিকাঠামো ও প্রতিভা বিকাশের ক্ষেত্রকে শক্তিশালী করা এই প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য। তাঁদের দাবি, এই ধরনের জাতীয়স্তরের ক্রীড়া প্রতিযোগিতা এই রাজ্যের ক্রীড়া মানচিত্রকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত