
কলকাতা, ১ আগস্ট (হি.স.): ব্যর্থ বিশ্বকাপ অভিযানের পর নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে চেকিয়া। দেশটির ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সান্তি দেনিয়া।
দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন শুক্রবার স্পেন যুব দলের সাবেক এই কোচকে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে দুই বছরের, সেটা আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
মিরোস্লাভ কুবেকের কোচিংয়ে সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে সময়টা খুব বাজে কেটেছে চেকিয়ার। তিন ম্যাচের দুটিতে হেরে ও একটি ড্র করে গ্রুপের তলানিতে থেকে বিদায় নেয় তারা।
এরপরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান ৭৪ বছর বয়সী কুবেক। তার স্থলাভিষিক্ত হলেন ৫২ বছর বয়সী দেনিয়া।
দেনিয়ার কোচিংয়েই ২০২৪ সালের প্যারিস অলিম্পিকসে ফুটবলে সোনার পদক জয় করে স্পেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি