কুলগামে জঙ্গি হামলায় মৃত বেড়ে ২, নিহতদের পরিবারকে ১৬ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা
শ্রীনগর, ১ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার কেলাম গ্রামে জঙ্গি হামলায় আহত আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। এর ফলে এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই। শনিবার শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস
কুলগামে জঙ্গি হামলায় মৃত বেড়ে ২, নিহতদের পরিবারকে ১৬ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা


শ্রীনগর, ১ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার কেলাম গ্রামে জঙ্গি হামলায় আহত আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। এর ফলে এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই। শনিবার শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এসকেআইএমএস)-এ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কুলগামের কেলাম গ্রামে দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় এক শ্রমিকের মৃত্যু শুক্রবারই অনন্তনাগ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে হয়। অপর আহত শ্রমিককে এসকেআইএমএস-এ স্থানান্তর করা হলেও শনিবার তাঁরও মৃত্যু হয়।

নিহতদের পরিচয় দীপক রাত্রে (২৪) ও বোপিন্দর (২৮) হিসেবে জানা গিয়েছে। দু'জনেই ছত্তিশগড়ের বাসিন্দা এবং কাশ্মীরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। হামলার পর নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন। এদিকে, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, নিহত দুই শ্রমিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রত্যেকের নিকটাত্মীয়কে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। এর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ লক্ষ টাকা করে তাৎক্ষণিক সহায়তাও দেওয়া হবে। অর্থাৎ, প্রতিটি নিহতের পরিবার মোট ১৬ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে।

অন্যদিকে, ন্যাশনাল কনফারেন্সের সভাপতি বলেন, হামলাকারীরা কারা, তা এখনও স্পষ্ট নয়। তাঁদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি বলেন, যখনই আমরা পূর্ণ রাজ্যের মর্যাদা পুনর্বহালের দাবি তুলি, তখনই কেন এ ধরনের ঘটনা ঘটে, তা বুঝতে পারছি না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande