ভারতীয় নৌসেনার উপ-প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ
নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): ভারতীয় নৌসেনার ''ডিরেক্টর জেনারেল অব নেভাল অপারেশন্স'' (ডিজিএনও) হিসেবে দায়িত্ব পালনকারী ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ শনিবার আনুষ্ঠানিকভাবে নৌসেনার উপ-প্রধান (ভাইস চিফ অব দ্য নেভাল স্টাফ) পদের দায়িত্বভার গ্রহণ করেছেন। ত
ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ


নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): ভারতীয় নৌসেনার 'ডিরেক্টর জেনারেল অব নেভাল অপারেশন্স' (ডিজিএনও) হিসেবে দায়িত্ব পালনকারী ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ শনিবার আনুষ্ঠানিকভাবে নৌসেনার উপ-প্রধান (ভাইস চিফ অব দ্য নেভাল স্টাফ) পদের দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ভাইস অ্যাডমিরাল তরুণ সোবতির স্থলাভিষিক্ত হলেন, যিনি দীর্ঘ ৩৮ বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠার সঙ্গে সেবা প্রদান শেষে ৩১ জুলাই অবসর গ্রহণ করেছেন।

নৌসেনার দেওয়া তথ্য অনুযায়ী, গোয়ার নেভাল অ্যাকাডেমির ৩৮তম সমন্বিত ক্যাডেট কোর্সের প্রাক্তন ছাত্র ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ ১৯৯০ সালের ১ জুলাই ভারতীয় নৌসেনায় যোগ দেন। তিনি সি কিং এয়ার অপারেশনস অফিসার এবং যোগাযোগ ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিশেষজ্ঞ। ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং গোয়ার নেভাল ওয়ার কলেজের নেভাল হায়ার কমান্ড কোর্সেরও প্রাক্তন ছাত্র তিনি। ৩৬ বছরেরও বেশি দীর্ঘ ও উজ্জ্বল কর্মজীবনে তিনি সমুদ্র ও স্থলভাগ—উভয় ক্ষেত্রেই বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, অপারেশনাল, শিক্ষাদান ও স্টাফ পদে কাজ করেছেন।

সমুদ্রে মোতায়েন থাকাকালীন তিনি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘আইএনএস রাজপুত’-এর এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার পেট্রোল ভেসেল ‘আইএনএস অভয়’, ল্যান্ডিং শিপ ট্যাংক (লার্জ) ‘আইএনএস শার্দুল’ এবং গাইডেড মিসাইল ফ্রিগেট ‘আইএনএস সাতপুরা’-র অধিনায়কত্ব করেছেন। গালওয়ান উপত্যকার ঘটনার পর ‘অপারেশন স্নো লেপার্ড’-এর সময় তিনি ওয়েস্টার্ন ফ্লিটের ফ্লিট অপারেশনস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালের ‘অপারেশন বিজয়’ এবং ২০০১ সালের ‘অপারেশন পরাক্রম’-এও তিনি সরাসরি অংশ নিয়েছিলেন।

স্থলভাগে দায়িত্ব পালনের সময় এই ফ্ল্যাগ অফিসার শ্রী বিজয় পুরমের নেভাল এয়ার স্টেশন ‘আইএনএস উৎকর্ষ’-এর অধিনায়ক ছিলেন এবং ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে ডিরেক্টিং স্টাফ হিসেবে কাজ করেছেন। নৌসেনা সদর দফতরে তাঁর গুরুত্বপূর্ণ পদের মধ্যে ছিল জয়েন্ট ডিরেক্টর নেভাল এয়ার স্টাফ, ডিরেক্টর এবং প্রিন্সিপাল ডিরেক্টর এয়ারক্রাফট একুইজিশন।

তিনি ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত ‘ট্যাকটিক্যাল অডিট গ্রুপ’ এবং ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ‘ইন্ডিয়ান নেভাল স্ট্র্যাটেজিক অ্যান্ড অপারেশনাল কাউন্সিল’-এর সদস্য ছিলেন।

রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতির পর তিনি ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমির ডেপুটি কমান্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট চিফ অব নেভাল স্টাফ (এয়ার) এবং ফ্ল্যাগ অফিসার কমান্ডিং মহারাষ্ট্র নেভাল এরিয়ার মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলান। ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত হওয়ার পর ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত তিনি ডিরেক্টর জেনারেল নেভাল অপারেশন্স (ডিজিএনও) পদে আসীন ছিলেন। 'অপারেশন সিঁদুর' এবং পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংকটের সময় সামুদ্রিক নিরাপত্তা চালনার পরিকল্পনা ও প্রস্তুতিতে তিনি গভীরভাবে যুক্ত ছিলেন। অসামান্য সেবা এবং অপারেশনাল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি ২০২৪ সালে 'অতি বিশিষ্ট সেবা মেডেল' এবং ২০২৫ সালে 'যুদ্ধ সেবা মেডেল' -এ ভূষিত হন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande