
নয়ডা , ১ আগস্ট (হি.স.): রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ‘কাকরোজ জনতা পার্টি’ আয়োজিত এক বিক্ষোভ প্রদর্শনী চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর প্রয়াত মায়ের উদ্দেশে অশালীন মন্তব্যকারী কিশোরী অবশেষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেছে। নয়ডার ১৬৮ নম্বর সেক্টরে বসবাসকারী এই ১৫ বছর বয়সী কিশোরী শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা প্রকাশ করে প্রধানমন্ত্রী ও দেশবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চায়।
প্রকাশিত ভিডিও বার্তায় ওই কিশোরী জানায়, যন্তর মন্তরের ধর্না প্রদর্শনীতে সে উপস্থিত ছিল। সেখানে উপস্থিত অনেকেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করছিলেন। সেই আবেগের বশে সে-ও কিছু আপত্তিজনক মন্তব্য করে ফেলে, যা অত্যন্ত ভুল ছিল। কিশোরীটি বলে, আমার বয়স ১৫ বছর। ভুলবশত আমি অত্যন্ত অন্যায় কাজ করে ফেলেছি, এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।
অন্যদিকে, সোশাল মিডিয়ার মাধ্যমেই এই ঘটনার বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ওই কিশোরীসহ বিক্ষোভ চলাকালীন কটূক্তি করা সকলকে ক্ষমা করে দেওয়ার বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী জানান, বয়সের কারণে বাচ্চাদের ভুল হতেই পারে। তাদের আদালতের দরজায় দাঁড় করানোর বদলে সঠিক পথে ফিরিয়ে আনাটাই সবার দায়িত্ব। তাই তিনি এদের ক্ষমা করে দিচ্ছেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই গাজিয়াবাদের বাসিন্দা স্মৃতি সিং নোইডার এক্সপ্রেসওয়ে থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে বলা হয়েছিল, গত ৩০ জুলাই যন্তর মন্তরে আন্দোলন চলাকালীন ওই কিশোরী প্রধানমন্ত্রী ও তাঁর প্রয়াত মায়ের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ও অশালীন ভাষা প্রয়োগ করে, যা একটি সাংবিধানিক পদের মর্যাদাকে ক্ষুণ্ন করে। বিষয়টি গড়ালে এক্সপ্রেসওয়ে থানা পুলিশ একটি জিরো এফআইআর নথিভুক্ত করে মামলাটি পরবর্তী তদন্তের জন্য দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করে।
হিন্দুস্থান সমাচার / সোনালি