
নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): দিল্লিতে মহাধুমধামে আয়োজিত হল তিরঙ্গা যাত্রা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, দিল্লি বিধানসভার অধ্যক্ষ বিজেন্দর গুপ্তা এবং অন্যান্য বিধায়করা বিধানসভা চত্বরে আয়োজিত ‘তিরঙ্গা যাত্রা’-য় অংশগ্রহণ করেন। মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে ডঃ বি. আর. আম্বেদকরের মূর্তির কাছে এসে এই যাত্রা সমাপ্ত হয়। এই তিরঙ্গা যাত্রা দেশের ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানের আদর্শের প্রতি অঙ্গীকারের প্রতীক।
তিরঙ্গা যাত্রা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী আশিস সুদ বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে এবং নিজেকে দেশসেবায় নিয়োজিত করার পর থেকেই দিল্লি ও সমগ্র দেশজুড়ে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়ে আসছে। স্বাধীনতা দিবসের এই উপলক্ষটি ত্রিবর্ণরঞ্জিত পতাকার ছত্রছায়ায় দিল্লি ও দেশের সেবায় নিজেদের অঙ্গীকার নতুন করে নবায়নের সুযোগ করে দেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ