
রাঁচি, ১১ আগস্ট (হি.স.): জেপিএসসি-জেএসএসসি-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কথিত অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর স্বাস্থ্যের খোঁজ নিলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মঙ্গলবার গভীর রাতে সদর হাসপাতালে ভর্তি দেবেন্দ্রনাথের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আন্দোলনের প্রতি সমর্থনও জানান দীপকে।
এর আগে মঙ্গলবার গভীর রাতে সদর হাসপাতালে গিয়ে দেবেন্দ্রনাথের শারীরিক অবস্থার খোঁজ নেন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ডা. ইরফান আনসারি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসা ও প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। নিয়মিত তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখার জন্যও চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
ডুমরি বিধায়ক জয়ারাম মাহাতোও গভীর রাতে হাসপাতালে গিয়ে দেবেন্দ্রনাথের সঙ্গে দেখা করেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার অগ্রগতির বিষয়েও খোঁজ নেন তিনি।
জেপিএসসি-জেএসএসসি-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে আন্দোলন করছেন দেবেন্দ্রনাথ মাহাতো। তাঁর অনশন মঙ্গলবার ১০-ওম দিনে পড়েছে। পাশাপাশি আন্দোলনের ১৮-তম দিন চলছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেবেন্দ্রনাথের শারীরিক অবস্থা নিয়ে তাঁর সমর্থক ও আন্দোলনরত ছাত্রদের মধ্যেও উদ্বেগ রয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলেও দাবিদাওয়া আদায়ে আন্দোলন চলবে। একই সঙ্গে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করারও দাবি জানিয়েছেন তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য