
চেন্নাই, ১১ আগস্ট (হি.স.): তামিলনাড়ুতে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার চেন্নাইয়ের স্টেট কলেজের সভাগৃহে নেশামুক্ত তামিলনাড়ু’ অভিযানের সূচনা হয়। মুখ্যমন্ত্রী বিজয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক পড়ুয়া এই অনুষ্ঠানে অংশ নেয়। মুখ্যমন্ত্রী বিজয় ছাত্র–ছাত্রীদের মাদক থেকে দূরে থাকার এবং মাদকের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার শপথবাক্য পাঠ করান।
এদিন মুখ্যমন্ত্রীকে পুলিশের তরফে অভিবাদন জানানো হয়। তামিলনাড়ুর স্কুল ও কলেজে মাদক ও তামাকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক অভিযানের সূচনা করেন তিনি। মাদকের অপব্যবহারে সামাজিক পরিণতি ও মাদক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে যুবসমাজকে সচেতন করার ওপর জোর দেওয়া হয় অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী বিজয় শিক্ষার্থীদের নেশামুক্ত থাকার পাশাপাশি তাদের আশেপাশের লোকজনকেও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার আহ্বান জানান। উল্লেখ্য, এই অভিযানের মূল উদ্দেশ্য, স্কুল ও কলেজগুলিতে মাদক ও তামাক সেবনের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা তৈরি করা এবং তরুণ প্রজন্মকে নেশা থেকে দূরে রাখা।
প্রসঙ্গত, এদিন 'নেশামুক্ত তামিলনাড়ু' অভিযানের অংশ হিসেবে রাজ্যজুড়ে বাজেয়াপ্ত হওয়া মাদকদ্রব্য ধ্বংস করা হয়। রাজ্যব্যাপী এই অভিযানের আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী বিজয়ের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ