
জাকার্তা, ১৬ আগস্ট (হি.স.): ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭। আহত হয়েছে ৫০ জনের বেশি মানুষ। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে আরও অনেকে। ভূমিকম্পে বহু ঘর-বাড়ি ভেঙে পড়ায় গৃহহীন প্রায় ৫ হাজার মানুষ। স্থানীয় প্রশাসন রবিবার জানিয়েছে, ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলের কাছে ৭.৭ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭ হয়েছে।
স্থানীয় সময় শনিবার ভোর পাঁচটা নাগাদ পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তি স্থল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার কয়েকটি এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। তবে ভূমিকম্পের প্রায় তিন ঘণ্টা পর সুনামি সতর্কতা তুলে নেয় কর্তৃপক্ষ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ