নেপালে ভয়াবহ ভূমিধস, রোল্পায় মৃত ১০, নিখোঁজ ৩
কাঠমান্ডু, ১৪ আগস্ট (হি.স.) : টানা বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসে নেপালের রোল্পা জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও তিন জন। শুক্রবার থবাং গাঁওপালিকার উয়া কোটলবার এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে পাঁচ বছরের শিশু
নেপালে ভয়াবহ ভূমিধস, রোল্পায় মৃত ১০, নিখোঁজ ৩


কাঠমান্ডু, ১৪ আগস্ট (হি.স.) : টানা বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসে নেপালের রোল্পা জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও তিন জন। শুক্রবার থবাং গাঁওপালিকার উয়া কোটলবার এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে পাঁচ বছরের শিশু থেকে ৮৫ বছরের বৃদ্ধও রয়েছেন।

কোটলবার গ্রামের উপরের অংশে ব্যাপক ভূমিধস হয়। পাহাড়ের মাটি ও ধ্বংসাবশেষ নেমে এসে গ্রামের ১১টি বাড়ি চাপা পড়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাঁচ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচ জনের দেহ বন্যার প্রবল স্রোতে ভেসে গিয়ে পার্শ্ববর্তী পিউঠান জেলায় পৌঁছয়।

ঘটনায় ২২ বছরের হিমাল পুন মগর এবং ২৫ বছরের সঞ্জয় ঘর্তি আহত হয়েছেন। তাঁরাই রাতে পুলিশের জরুরি নম্বর ১০০-তে ফোন করে ভূমিধসের খবর দেন। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য বুটওয়ালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে ১৮ বছরের শান্তি পুন মগর, ৬০ বছরের কমলবহাদুর পুন মগর, ৮০ বছরের মনরখি পুন মগর, ৭৫ বছরের ডলবহাদুর পুন মগর এবং ৮৫ বছরের হস্তকলা রোকা মগরের দেহ উদ্ধার করা হয়েছে।

রোল্পার লুংরি নদী এবং পিউঠানের মাড়ি নদীর বিভিন্ন এলাকা থেকেও পাঁচ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের পরিচয় ৩৮ বছরের জুন কুমারী পুন মগর, পাঁচ বছরের অশোক পুন মগর, ৮০ বছরের বলবহাদুর পুন মগর, ৬৬ বছরের মনি পুন মগর এবং ৩৪ বছরের মহেন্দ্র ঘর্তি হিসেবে জানা গিয়েছে।

রোল্পা জেলা পুলিশের তথ্য আধিকারিক তথা পুলিশ পরিদর্শক কৃষ্ণ শ্রেষ্ঠ জানিয়েছেন, ভূমিধসে নয়টি বাড়ি, একটি দোকান, দুটি গোয়ালঘর এবং একটি গির্জা সম্পূর্ণভাবে মাটির নীচে চাপা পড়েছে। নিখোঁজ তিন জনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় বৃষ্টি ও ধসের ঝুঁকি থাকায় উদ্ধারকার্যেও বাধার মুখে পড়তে হচ্ছে। ঘটনাস্থলে এখনও উদ্ধার ও ত্রাণ অভিযান চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande