বর্ষায় বিপর্যস্ত নেপাল, মেচি-বিপি-সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ
কাঠমান্ডু, ১৪ আগস্ট (হি.স.): টানা বৃষ্টিতে নেপালের পাহাড়ি জেলাগুলিতে বন্যা ও ধসের পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরে শুক্রবার দেশের একাধিক গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ বা ব্যাহত হয়েছে। কোথাও রাস্তা ধসে গিয়েছে, কোথাও আবার সড়কের অংশ ভেসে যাওয়ায়
বর্ষায় বিপর্যস্ত নেপাল, মেচি-বিপি-সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ


কাঠমান্ডু, ১৪ আগস্ট (হি.স.): টানা বৃষ্টিতে নেপালের পাহাড়ি জেলাগুলিতে বন্যা ও ধসের পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরে শুক্রবার দেশের একাধিক গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ বা ব্যাহত হয়েছে। কোথাও রাস্তা ধসে গিয়েছে, কোথাও আবার সড়কের অংশ ভেসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

নেপাল পুলিশের সদর দফতর জানিয়েছে, ইলাম জেলার মেচি হাইওয়ে, কাভ্রেপালানচোকের বিপি হাইওয়ে, মকওয়ানপুরের কান্তি লোকপথ এবং সিন্ধুপালচোকের আরনিকো হাইওয়ে সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এছাড়াও রাসুয়ার ত্রিশুলি–মৈলুং–স্যাফ্রুবেশি সড়ক, ধাদিংয়ের পৃথ্বী হাইওয়ে, লামজুংয়ের মধ্য-পাহাড়ি মহাসড়ক এবং রুকুম পূর্বের মধ্য-পাহাড়ি ও রুকুম পশ্চিমের ভেরি করিডরও বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে সব রুটে পরিস্থিতি একরকম নয়। বাগলুংয়ের কালীগণ্ডকী করিডর, মুস্তাংয়ের বেনি–জোমসোম সড়ক এবং ভোজপুরের মধ্য-পাহাড়ি মহাসড়কে আপাতত একমুখী যান চলাচল চালু রাখা হয়েছে।

পাহাড়ি নেপালে বর্ষার সময় ধস ও হড়পা বানের ঝুঁকি নতুন নয়। কিন্তু একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বিপর্যস্ত হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি পণ্য পরিবহণেও সমস্যা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে যাত্রীদের রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে রাস্তার সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ধস, বন্যা ও রাস্তা ধসে যাওয়ার আশঙ্কায় সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande