
ওয়াশিংটন, ১৩ আগস্ট (হি.স.): খুব শীঘ্রই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়তে চলেছেন ক্যারোলিন লেভিট। তাঁকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ ও প্রভাবশালী সহযোগী হিসেবে মনে করা হয়। চলতি মাসের শেষে লেভিটের বিদায়ের কথা বুধবার ট্রুথ সোশ্যালে জানান ট্রাম্প। একইসঙ্গে তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প লেখেন, লেভিট তাঁর অন্যতম ‘বিশ্বস্ত সহযোগী’। পদ ছাড়ার পর তিনি পরিবার ও ছোট সন্তানদের সঙ্গে বেশি সময় কাটাবেন। পাশাপাশি লেভিট তাঁর অন্যতম প্রধান বহিরাগত পরামর্শদাতা হিসেবে কাজ করবেন এবং রিপাবলিকান পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে তিনি সহযোগিতা করবেন বলেও জানান ট্রাম্প।
লেভিটের নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প বলেন, ২০১৮ সাল থেকে ন্যায়, স্বাধীনতা ও মুক্তির পক্ষে লড়াই করে আসছেন তিনি। ২০২৪ সালের ঐতিহাসিক নির্বাচনী প্রচারেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হোয়াইট হাউসের ইতিহাসে অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবে লেভিটকে মনে রাখা হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
জানা গেছে, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে লেভিটের হোয়াইট হাউস ছাড়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং জ্বালানির উচ্চমূল্যের মতো বিষয়কে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন যখন চাপে, সেই সময়েই তাঁর অন্যতম ঘনিষ্ঠ সহযোগীর বিদায় ঘটছে।
মাত্র ২৮ বছর বয়সে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হয়ে ইতিহাস তৈরি করেছিলেন লেভিট। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তিনি প্রশাসনের অন্যতম প্রভাবশালী মুখ হয়ে ওঠেন। প্রেসিডেন্ট ও তাঁর নীতির জোরালো সাফাই দেওয়ার পাশাপাশি কঠিন প্রশ্ন করা সাংবাদিকদের সঙ্গেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে সাংবাদিকদের সঙ্গে পেশাগত সম্পর্ক বজায় রেখেছেন।
সামাজিক মাধ্যমেও নিজের ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন লেভিট। ছোট ছেলে নিকোকে এয়ার ফোর্স ওয়ান ও ওভাল অফিসে নিয়ে যেতে দেখা গিয়েছে তাঁকে। হোয়াইট হাউসের বিভিন্ন অনুষ্ঠানে স্বামীকে সঙ্গে নিয়ে অংশ নিয়েছেন তিনি।
ট্রাম্পের ঘোষণার পর সামাজিক মাধ্যমে লেভিট লেখেন, কন্যার জন্মের পর হোয়াইট হাউসে ফিরে তাঁর মনে হয়েছে, একজন ভালো মা হওয়ার বিষয়টিও তাঁকে নতুন করে ভাবতে হবে। পদ ছাড়ার সিদ্ধান্তে তিনি একইসঙ্গে খুশি ও আবেগপ্রবণ বলেও জানান।
উল্লেখ্য, ১ মে কন্যাসন্তানের জন্মের পর প্রায় এক মাসের ছুটি নিয়েছিলেন লেভিট। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে প্রথম সন্তানের জন্মের সময় মাত্র চার দিনের ছুটি নিয়েছিলেন তিনি।
ট্রাম্পের প্রথম মেয়াদ শেষে নিজের রাজ্য নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন লেভিট। পরে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ট্রাম্পের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত মুখ হিসেবে উঠে আসেন। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন ঘিরে রিপাবলিকান শিবিরে প্রচারের গতি বাড়লে হোয়াইট হাউসের বাইরে থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি। লেভিট নিজেও জানিয়েছেন, তিনি সবসময় রিপাবলিকান পার্টির সমর্থক থাকবেন।
এদিকে, লেভিটের জায়গায় হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি কে হবেন, তা এখনও স্পষ্ট নয়।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য