
আগরতলা, ১৬ আগস্ট (হি.স.) : আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে আগরতলা জিআরপিএস। রবিবার স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের পার্কিং এলাকার সামনে থেকে ওই যুবককে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য ৩ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার আগরতলা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় নিয়মিত তল্লাশি ও নজরদারির অংশ হিসেবে অভিযান চালানো হয়। এসময় আরপিএফ পোস্ট ও ‘পে অ্যান্ড ইউজ’ টয়লেটের মধ্যবর্তী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা জনৈক যুবকের উপর জিআরপিএস কর্মীদের নজর পড়ে।
এরপর এসআই পঙ্কজ কুমার দাস-এর নেতৃত্বে জিআরপিএস-এর অন্যান্য কর্মীরা ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁর সঙ্গে থাকা পিঠের ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ব্যাগের ভিতর থেকে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে গাঁজাগুলি বাজেয়াপ্ত করে যুবককে গ্রেফতার করা হয়।
ধৃত যুবকের নাম ইমান হোসেন (২৪)। সে সিপাহিজলা জেলার সোনামুড়া থানার নতুন বাজার জেবি স্কুল সংলগ্ন শাল ক্ষেত এলাকার বাসিন্দা সিদ্দিক মিয়ার ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য ৩ লক্ষ টাকা। গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ধৃত ইমান হোসেনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা গ্রহণ করা হয়েছে।
রেলপথে মাদক পাচার রুখতে আগরতলা রেলওয়ে স্টেশনে জিআরপি ও আরপিএফ-এর পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে রেলপথকে ব্যবহার করে মাদক পাচারের একাধিক চেষ্টা সামনে আসায় স্টেশন এলাকায় নিরাপত্তা ও তল্লাশি আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার তদন্ত শুরু করেছে আগরতলা জিআরপিএস। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে এই মাদক পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ