
ভুবনেশ্বর, ১৭ আগস্ট (হি.স.): টানা বৃষ্টি হচ্ছে ওড়িশায়, এর ফলে সেই রাজ্যের একাধিক জেলায় ওড়িশায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা হচ্ছে, তাই বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বালেশ্বর, ভদ্রক, ময়ূরভঞ্জ প্রভৃতি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়াও রাজ্যের অন্যান্য জেলাগুলিতে কমলা ও হলুদ সতর্কতা জারি রয়েছে। বন্যা পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাখছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বন্যা কবলিত এলাকায় জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। লাগাতার বৃষ্টির জেরে ওড়িশার কেন্দ্রাপাড়ায় জাতীয় সড়কে বড়সড় ধস নামে। এর ফলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনটি ট্রাক গর্তে পড়ে যায়। যদিও সেই ঘটনায় কেউ হতাহত হননি। এদিকে, ভারী বর্ষণের ফলে ময়ূরভঞ্জ জেলার বারিপাদার কাছে ৫০ মিটার রেললাইন ধসে পড়েছে, যার জেরে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ