
নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে জাতীয় স্তোত্র বন্দেমাতরমের অবমাননার অভিযোগ এনেছেন বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী। তিনি বলেন, গান্ধী পরিবার নিজেদের দেশের ঊর্ধ্বে মনে করে। এছাড়াও প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরমকেও আক্রমণ করেছেন সুধাংশু।
স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ‘দিমাগি নকশাল’-দের সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, ‘এ বার দিমাগি নকশালদের বিচ্ছিন্ন করতে হবে।’ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর দিনই বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম সামাজিক মাধ্যমে লেখেন, দিমাগি নকশাল হতে পেরে তিনি গর্বিত। এ প্রসঙ্গে সোমবার এক সাংবাদিক বৈঠকে বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদী 'দিমাগি নকশাল'-এর মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছিলেন। আমরা অবাক, এর ২৪ ঘণ্টার মধ্যেই কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেছেন 'দিমাগি নকশাল' হতে পেরে তিনি গর্বিত। আমি কংগ্রেস এবং পি চিদম্বরমকে মনে করিয়ে দিতে চাই, ২০০৬ সালের ১৩ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং বলেছিলেন, 'এটা বলা অত্যুক্তি হবে না যে, নকশালবাদ সমস্যাটি আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এযাবৎকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি কংগ্রেসকে প্রশ্ন করতে চাই—কে সঠিক ছিলেন, ডঃ মনমোহন সিং নাকি পি চিদম্বরম?
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ