
নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): নতুন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সোমবার প্রাক্তন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর একটি হিন্দি জীবনীগ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন করেন। রাজ্যসভার প্রাক্তন সাংসদ ওয়াই লক্ষ্মী প্রসাদ এই গ্রন্থটি রচনা করেছেন।
নিজের বক্তব্যে রাজনাথ সিং বলেন, এই জীবনীগ্রন্থটি কেবল বিভিন্ন ঘটনার সংকলন নয়; বরং এটি শ্রী নাইডুর ব্যক্তিত্ব, তাঁর সংগ্রাম, সংবেদনশীলতা এবং জনসেবার প্রতি তাঁর নিষ্ঠাকে তুলে ধরার এক অর্থবহ প্রচেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, এই জীবনীগ্রন্থটি পাঠকদের অনুপ্রাণিত করবে। নিতিন নবীন বলেন, জনজীবন ও দেশসেবায় প্রাক্তন উপ-রাষ্ট্রপতি তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এম ভেঙ্কাইয়া নাইডুর অনুপ্রেরণাদায়ক যাত্রাপথকে তুলে ধরা এই বইটি তাঁর চিন্তাধারা, সংগ্রাম ও অবদানের সঙ্গে পাঠকদের পরিচিত করানোর এক সার্থক উদ্যোগ। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, এই বইটি নাইডুর দীর্ঘ জনজীবন এবং দেশসেবা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি তাঁর অবিচল নিষ্ঠার এক গভীর ও স্বচ্ছ ধারণা প্রদান করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ