
ময়ূরভঞ্জ, ১৮ আগস্ট (হি.স.): ওড়িশার ময়ূরভঞ্জের বন্যা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। জলের তলায় বিঘার পর বিঘা কৃষি জমি। ময়ূরভঞ্জের জেলাশাসক হেমকান্ত সায় জেলার বর্তমান বন্যা পরিস্থিতি ও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম সম্পর্কে মঙ্গলবার বলেন, জেলা কৃষি আধিকারিকের তথ্য অনুযায়ী, বেটনোটি, বড়শাহি, রাসগোবিন্দপুর ও কুসুমি-সহ বিভিন্ন এলাকায় প্রায় ৫,২৯২ হেক্টর কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া ৪০০-র বেশি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয়ের মাধ্যমে বাড়িঘর মেরামতের সহায়তা এবং বিনামূল্যে খাদ্যসামগ্রী বা ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। প্রতিটি গ্রামে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
তিনি আরও বলেন, বেটনোটিতে এনডিআরএফ-এর দল মোতায়েন করা হয়েছে, বড়শাহিতে দেওগড় থেকে আসা ওডিআরএএফ-এর ইউনিট রয়েছে এবং রাসগোবিন্দপুর ও বারিপদা পৌরসভা এলাকায় জেলার ওডিআরএএফ দলগুলিকে কাজে লাগানো হয়েছে। ঝাড়খণ্ড কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গালুডিহ ব্যারেজ থেকে সুবর্ণরেখা নদীতে জল ছাড়ার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে; বর্তমানে জল ছাড়ার পরিমাণ তুলনামূলকভাবে কম—প্রায় ১,৪০০ থেকে ১,৫০০ কিউসেক। সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ