পাম্পঘরে বিশাল অজগর, আতঙ্ক গড়িগ্রামে
ঝাড়গ্রাম, ২১ আগস্ট (হি.স.): ধানজমির পাশের একটি জল পাম্পের ঘরে বিশালাকৃতির অজগর দেখতে পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর–২ ব্লকের গড়িগ্রামে। শুক্রবার সকালে কয়েকজন গ্রামবাসী প্রথমে পাম্পঘরের ভিতরে সাপটিকে দেখতে পান। বিশাল
বিশাল অজগর


ঝাড়গ্রাম, ২১ আগস্ট (হি.স.): ধানজমির পাশের একটি জল পাম্পের ঘরে বিশালাকৃতির অজগর দেখতে পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর–২ ব্লকের গড়িগ্রামে। শুক্রবার সকালে কয়েকজন গ্রামবাসী প্রথমে পাম্পঘরের ভিতরে সাপটিকে দেখতে পান। বিশাল আকারের অজগর দেখে আতঙ্কিত হয়ে তাঁরা অন্যদের খবর দেন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।

সাপটি বড় হওয়ায় গ্রামবাসীরা সেটিকে ধরার চেষ্টা না করে স্থানীয় সর্পপ্রেমী রাহুল দণ্ডপাটকে খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন। কিছুক্ষণের চেষ্টায় অজগরটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে সেটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, অজগরটির শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরপর উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে তাকে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের অনুমান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এলাকার নদী, নালা ও জলাশয়ে জল বেড়েছে। সেই কারণে কোনও জলাশয় বা নদী সংলগ্ন এলাকা থেকে শুকনো আশ্রয়ের খোঁজে অজগরটি পাম্পঘরে ঢুকে থাকতে পারে। উদ্ধার হওয়ার পর আপাতত স্বস্তি ফিরেছে এলাকায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande