
হাওড়া, ২৪ আগস্ট (হি.স.): হাওড়ার লিলুয়া ওয়ার্কশপ গ্রাউন্ডে আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো বাবা বাগেশ্বর সরকারের এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার বা তারও বেশি ভক্তের সমাগম হতে পারে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।
অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার লিলুয়া ওয়ার্কশপ গ্রাউন্ড পরিদর্শন করেন বালি বিধানসভার বিধায়ক সঞ্জয় সিং। তিনি জানান, রেল প্রশাসনের অনুমোদন পাওয়ার পর মঙ্গলবার থেকেই মাঠ প্রস্তুতির কাজ জোরকদমে শুরু হবে। বর্ষার কারণে মাঠে কিছু কাজ বাকি রয়েছে। দ্রুত সেই কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিপুল সংখ্যক ভক্তের সমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণের বিষয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানান বিধায়ক। হাওড়া সিটি পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে কার্ড বা পাসের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা থাকবে। ডিজিটাল মাধ্যম, অ্যাপ বা গুগল লিঙ্কের পাশাপাশি স্থানীয়ভাবে রেজিস্ট্রেশন করেও প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। অনুষ্ঠান সফল করতে স্থানীয় বাসিন্দা ও রেল প্রশাসনের সহযোগিতা চেয়েছেন বিধায়ক।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়