
মালদা, ২১ আগস্ট (হি.স.): সম্ভাব্য শিল্প দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতি যাচাই করতে শুক্রবার পুরাতন মালদার নারায়ণপুর গ্যাস বটলিং প্ল্যান্টে জেলা প্রশাসনের উদ্যোগে মক ড্রিল অনুষ্ঠিত হল। দুর্ঘটনার সময় বিভিন্ন দপ্তরের মধ্যে দ্রুত সমন্বয় তৈরি করে উদ্ধার ও ত্রাণকাজ পরিচালনা কতটা কার্যকরভাবে করা সম্ভব, তা যাচাই করাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য।
মহড়ায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার। এছাড়াও জেলা পুলিশ প্রশাসনের আধিকারিক, কিউআরটি বা রেসকিউ টিম, স্বাস্থ্য দপ্তর, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস-সহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
মহড়ায় গ্যাস লিক এবং অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি তৈরি হলে কীভাবে দ্রুত পদক্ষেপ করা হবে, তা বাস্তবসম্মতভাবে প্রদর্শন করা হয়। ঘটনাস্থল থেকে আক্রান্তদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া, উদ্ধারকাজ পরিচালনা এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিভিন্ন ধাপ মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পাঞ্চলে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত মক ড্রিলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীদের প্রস্তুতি যাচাই করার পাশাপাশি তাঁদের দক্ষতাও বাড়ানো সম্ভব।
প্রশাসনের দাবি, এ ধরনের মহড়া ভবিষ্যতে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও ত্রাণকাজ পরিচালনায় সহায়ক হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়