
পুরুলিয়া, ২১ আগস্ট (হি.স.): অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার প্রতিবাদে শুক্রবার সকালে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ৬০এ জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকেই পুরুলিয়ার ২১ নম্বর ওয়ার্ডের বহু মহিলা রেনি রোডের কাছে জড়ো হতে শুরু করেন। এরপর তাঁরা ৬০এ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। আন্দোলনকারী মহিলাদের দাবি, তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য, কিন্তু তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে না।
বিক্ষোভের কারণে ব্যস্ততম জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে বহু পণ্যবাহী গাড়ি ও দূরপাল্লার বাস। খবর পেয়ে পুরুলিয়া সদর থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ আধিকারিকরা ক্ষুব্ধ মহিলাদের সঙ্গে কথা বলেন। এরপর অবরোধ উঠে যায় এবং ওই জাতীয় সড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রুত টাকা না মিললে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথ বাছবেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ