
ক্যানিং, ২১ আগস্ট (হি. স.): রাতের অন্ধকারে বিজেপি নেতার উপর চড়াও হয়ে হামলার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রবিউল ইসলাম মণ্ডল নামে ঐ বিজেপি নেতা। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর ডেভিসাবাদ গ্রামে। অভিযোগ ওই নেতাকে লক্ষ্য করে গুলিও চালানো হয়েছে। এমনকি তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। রাতেই ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল ও বোমার সুতুলি উদ্ধার করেছে ক্যানিং থানার পুলিশ। আইএসএফের দিকে অভিযোগ তুললেও সেই অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফ নেতৃত্ব। ক্যানিং ১ ব্লকের আইএসএফ নেতা মোর্তাজা খান বলেন, “ এই ঘটনার সঙ্গে আইএসএফের কোনও যোগ নেই। আইএসএফ এই বোমা বন্দুকের রাজনীতি করে না। এই ঘটনার যাতে সঠিক তদন্ত হয় সে বিষয়ে পুলিশকে অনুরোধ করবো দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে।”
রবিউলের দাবি, বৃহস্পতিবার রাতে যখন শৌচ কাজ করতে উঠেছিলেন তিনি, ঠিক তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়া হয়েছে। তিনি বলেন, “ আমি এলাকায় বিজেপি দল করি বলেই এই হামলা চালিয়েছে আইএসএফ।” পুলিশ ঘটনাস্থল থেকে বোমার সুতুলি ও গুলির খোল উদ্ধার করেছে। তবে সঠিক কি ঘটনা ঘটেছে সে বিষয়ে শুরু হয়েছে তদন্ত। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতিশ বিশ্বাস বলেন, “ একটা ঘটনা ঘটেছে বলে শুনেছি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা