পাঁচ-ছয় মাসেই বসিরহাটে বেহাল রাস্তা, দুর্ভোগে বাসিন্দারা
বসিরহাট, ২১ আগস্ট (হি.স.): সূচনার মাত্র পাঁচ-ছয় মাসের মধ্যেই বেহাল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার প্রায় ৮ কিলোমিটার রাস্তা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট-১ ব্লকের নিমদাড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের কোদালিয়া থেকে শংকরপুর পর্যন্ত
বেহাল রাস্তা


বসিরহাট, ২১ আগস্ট (হি.স.): সূচনার মাত্র পাঁচ-ছয় মাসের মধ্যেই বেহাল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার প্রায় ৮ কিলোমিটার রাস্তা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট-১ ব্লকের নিমদাড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের কোদালিয়া থেকে শংকরপুর পর্যন্ত রাস্তার কাজ শুরু হলেও তা এখনও সম্পূর্ণ হয়নি। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে রাস্তা তৈরির টেন্ডার হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

শুক্রবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ঘটা করে রাস্তার কাজ শুরু করা হলেও মাঝপথেই তা বন্ধ হয়ে যায়। বর্তমানে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। ফলে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ, সকলকেই যাতায়াতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। প্রায়ই দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ।

এলাকাবাসীর দাবি, রাস্তার কাজ কেন বন্ধ হয়ে রয়েছে, তা তাঁরা জানেন না। তাঁদের অভিযোগ, অসম্পূর্ণ রাস্তার কারণে গাড়ি চলাচলও কার্যত কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে। বাধ্য হয়ে অনেকটা ঘুরপথে যেতে হচ্ছে বাসিন্দাদের।

স্থানীয়দের দাবি, এই রাস্তা সম্পূর্ণ হলে একাধিক গ্রামের হাজার হাজার মানুষ উপকৃত হবেন। নতুন সরকারের কাছে দ্রুত রাস্তার কাজ শেষ করার আবেদন জানিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রীরও এ বিষয়ে হস্তক্ষেপের দাবি উঠেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande