
আরামবাগ , ২১আগস্ট (হি.স.): শুক্রবার গোঘাটের ভাবাদিঘি এলাকায় রেল প্রকল্পের কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে উপস্থিত হন হাওড়া ডিভিশনের জিএম গীতিকা পান্ডে। এদিন তিনি ভাবাদিঘি এলাকায় পৌঁছে দীর্ঘদিন ধরে চলা রেল প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় প্রকল্পের বর্তমান পরিস্থিতি, কাজের অগ্রগতি এবং বিভিন্ন সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন জিএম। পাশাপাশি তিনি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গেও কথা বলেন এবং দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে নির্দেশ দেন।
জানা যায়, ভাবাদিঘি রেল প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এদিনের এই পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের কাজ যাতে আর বিলম্বিত না হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে তা এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়েই বিশেষ গুরুত্ব দেন হাওড়া ডিভিশনের জিএম।
পরিদর্শন শেষে গীতিকা পান্ডে জানান, প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ফলে দীর্ঘদিন ধরে রেল প্রকল্পের কাজের দিকে তাকিয়ে থাকা এলাকার মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA