
বাঁদা, ২১ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের বাঁদা জেলার অত্রা কোতোয়ালি এলাকার লোধৌরা গ্রামে এক শ্রমিকের রহস্যমৃত্যু হয়েছে। ধান রোপণের কাজে যাওয়ার পথে নালায় পড়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। প্রায় ১৮ ঘণ্টা ধরে তল্লাশির পর শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি বাবলা গাছে আটকে থাকা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মৃত শ্রমিকের নাম চুন্নু বর্মা (৫২)। তিনি লোধৌরা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে ধান রোপণের কাজ করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন চুন্নু। বাড়ি থেকে কিছুটা দূরে বিসাহিল নালার কাছে হঠাৎ পা পিছলে গভীর জলে পড়ে যান তিনি। এরপর জলে ডুবে নিখোঁজ হয়ে যান। দীর্ঘ সময় পরেও চুন্নু বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গ্রামবাসী ও স্থানীয় ডুবুরিদের সাহায্যে নালায় তল্লাশি অভিযান শুরু করে। রাতভর তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান মেলেনি। শুক্রবার সকাল ৮টা নাগাদ ডুবুরিরা ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি বাবলা গাছে আটকে থাকা চুন্নুর দেহ দেখতে পান। মৃতের ছেলে সন্দীপ জানান, তাঁর বাবা বর্গা নিয়ে জমিতে চাষ করতেন। পাশাপাশি শ্রমিকের কাজও করতেন। এভাবেই তিনি পরিবারের ভরণপোষণ করতেন।
শুক্রবার অত্রা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ তিওয়ারি জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গভীর নালায় ডুবে যাওয়ার কারণেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস