
দুর্গাপুর, ২১ আগস্ট (হি. স.): পুকুর থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার। শুক্রবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পান্ডবেশ্বর থানার হরিপুরের দত্তপুকুর এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সনু ভূঁইয়া (২৫)। ঘটনায় পরিবার সূত্রে জানা গেছে, সনু শারিরিক অসুস্থ। তাই বাড়ির লোকজন চোখে চোখে রাখত।
মৃত যুবকের দিদিমা গঙ্গা ভূঁইয়া বলেন, বুধবার সকালে খাবার খেয়ে বাড়ি থেকে বেরোয় সনু। তারপর আর বাড়ি ফেরেনি। গত দুদিন ধরে চারিদিকে খোঁজাখুঁজির পরেও সনুর কোন খোঁজ পাওয়া যায়নি।
শুক্রবার সকালে হরিপুর এলাকার দত্তপুকুর সংলগ্ন এলাকার বাসিন্দারা দেখতে পান। পুকুরের জলে কিছু ভাসছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানায়। সেই মতো পাণ্ডবেশ্বর থানার পুলিশ এলাকায় আসে। স্থানীয়দের সাহায্যে পুকুর থেকে উদ্ধার করা হয় সনুর নিথর দেহ। বাসিন্দাদের অনুমান, মৃগী রোগে আক্রান্ত সনু পুকুরপাড়ে ছিল বা পুকুরে হয়তো নেমেছিল। সেই সময় সে মৃগী রোগে আক্রান্ত হয়। তারপর সে পুকুরের জলে পড়ে যায় বা ডুবে মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পরে রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ কী ।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা