
বাঁকুড়া, ২১ আগস্ট (হি.স.) : ইন্দাসের করিশুন্ডা গ্রামের সিজিপি কর্মী আব্দুল হাফিজের বাবার মৃত্যুর তদন্তের অগ্রগতি নিয়ে শুক্রবার বাঁকুড়া জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎ করল সিজিপি-র এক প্রতিনিধিদল। বৈঠকের পর সংগঠনের সদস্যদের অভিযোগ, তদন্ত প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। প্রশাসনকে দেওয়া ১০ দিনের সময়সীমার কথাও তাঁরা উল্লেখ করেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বাঁকুড়ায় এসে জেলা ম্যাজিস্ট্রেটের দফতর ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিজিপি নেতা প্রেম আকাশ বলেন, কোনও ব্যক্তির সঙ্গে সংঘাতে জড়ানো সংগঠনের উদ্দেশ্য নয়। তাঁর দাবি, আব্দুল হাফিজ শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত সমস্যাগুলি তুলে ধরে তার সমাধানের চেষ্টা করছিলেন। যন্তর মন্তরের কর্মসূচিতে অংশ নেওয়ার কারণেই আব্দুল আক্রান্ত হয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
প্রেম আকাশ জানান, মৃতের পরিবারের জন্য কোনও আর্থিক ক্ষতিপূরণ দাবি করছে না সংগঠন। তাঁদের মূল দাবি, গ্রামের একটি স্কুলের নাম মৃত ব্যক্তির নামে করা হোক। এই দাবির বিষয়েও প্রশাসনের তরফে ইতিবাচক পদক্ষেপের আশা প্রকাশ করেন তিনি।
সিজিপি নেতার দাবি, বৈঠকে জেলা ম্যাজিস্ট্রেট তাঁদের আশ্বাস দিয়েছেন, প্রশাসনের এক্তিয়ারভুক্ত বিষয়গুলিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আব্দুল হাফিজ ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠন। ভবিষ্যতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গ্রামের মাঠ ও সংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর দাবিও জানানো হয়েছে।
প্রেম আকাশের অভিযোগ, মামলায় এখনও চার্জশিট জমা পড়েনি এবং পুলিশের তদন্তের গতিতে তাঁরা সন্তুষ্ট নন। তবে জেলা ম্যাজিস্ট্রেটের উপর আস্থা প্রকাশ করে তিনি আশা করেন, তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলি পূরণ না হলে সিজিপি-র প্রতিনিধিরা বাঁকুড়ায় এসে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় ঘেরাও করবেন। তাঁদের লক্ষ্য সংঘাত তৈরি করা নয়, বরং আব্দুল হাফিজ ও তাঁর পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট