
ঝাড়গ্রাম, ২১ আগস্ট (হি.স.): সাঁকরাইলের বাকড়া জমি-কাণ্ডের তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি। ধৃত রাজেশ আগরওয়াল (৫৫)-এর বাড়ি খড়্গপুর গ্রামীণ থানা এলাকায়। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক তাঁকে সাত দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।
সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের বাকড়া এলাকায় প্রায় ৪০০ একর জমির দলিল নিয়ে দীর্ঘদিন ধরেই অনিয়মের অভিযোগ উঠছিল। অভিযোগ, এলাকার প্রায় ১২৫টি পরিবারের জমির নথি অন্যের নামে করে দেওয়া হয়েছে। একই জমির দলিল একাধিকবার পরিবর্তনের অভিযোগও সামনে আসে।
গত বছরের সেপ্টেম্বর মাসে বিষয়টি প্রকাশ্যে আসার পর তৎকালীন জেলা নিবন্ধক সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ১৬ সেপ্টেম্বর অভিযোগ জমা পড়ার পর ১৯ সেপ্টেম্বর তদন্তের জন্য সিট গঠন করে পুলিশ। পরে আরও দুই চাষিও থানায় অভিযোগ জানান।
তদন্তে মূল অভিযুক্ত-সহ মোট ন’জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁরা এখনও জেলবন্দি। গত মার্চে মামলার তদন্তভার সিআইডির হাতে যায়। তার আগে তিনটি মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। গত জুলাইয়ে সিআইডি আরও তিনজনকে গ্রেফতার করে। তাঁদের মধ্যে দু’জন আগে থেকেই জেলে ছিলেন।
তদন্তকারীদের অভিযোগ, জমির প্রকৃত মালিকরা নথি যাচাই করতে গিয়ে জানতে পারেন, তাঁদের জমি অন্যের নামে রেজিস্ট্রি হয়ে গিয়েছে। এরপর নকল দলিল, জাল স্বাক্ষর এবং জমির পরিমাণে কারচুপির অভিযোগও সামনে আসে।
রাজেশ আগরওয়ালকে জিজ্ঞাসাবাদ করে জমির নথি পরিবর্তনের এই চক্রের সঙ্গে তাঁর যোগসূত্র এবং ঘটনায় আরও কারা জড়িত, সে বিষয়ে তথ্য জানার চেষ্টা করছে সিআইডি। তদন্ত এখনও চলছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো