
নিউ তেহরি, ২১ আগস্ট (হি.স.) : উত্তরাখন্ডে তেহরি জেলায় গ্রাম উন্নয়ন দফতরের উদ্যোগে মুখ্যমন্ত্রী উদ্যোগশালা যোজনার অধীনে ‘চৌপাল-২০২৬’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গ্রামাঞ্চলের মানুষকে ব্যবসা ও উদ্যোগের দিকে উৎসাহিত করা এবং স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের জন্য বাজার তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
শুক্রবার এই কর্মসূচির প্রথম পর্যায়ে একটি প্রচার গাড়ির যাত্রা শুরু করা হয়। জেলাশাসক নীতিকা খণ্ডেলওয়াল-সহ বিভিন্ন দফতরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা সবুজ পতাকা দেখিয়ে গাড়িটির যাত্রার সূচনা করেন। এই প্রচার গাড়ির মাধ্যমে সরকারি উদ্যোগ ও বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য যাতে সহজে বাজারে পৌঁছতে পারে, সেজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।তাঁরা বলেন, সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছয়, সেজন্য প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে গ্রাম্য উন্নয়ন দফতরের উপাধ্যক্ষ জ্যোত সিং বিস্ত, যুব কল্যাণ পরিষদের উপাধ্যক্ষ বিনোদ সুয়াল, রাজ্যস্তরীয় মহিলা উদ্যোক্তা পরিষদের উপাধ্যক্ষ বিনোদ উনিয়াল, অন্যান্য অনগ্রসর শ্রেণি কল্যাণ পরিষদের উপাধ্যক্ষ খেম সিং চৌহান, থৌলধার ব্লক প্রধান সুরেন্দ্র সিং ভাণ্ডারি, সিডিও বরুণা আগরওয়াল এবং প্রশিক্ষণরত আইএএস আধিকারিক জ্যোতি-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস