
হুগলি, ২১ আগস্ট (হি.স.): অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাওয়ার আনন্দে চুঁচুড়া নেতাজি সুভাষ সেবা কেন্দ্রে উপচে পড়া ভিড় দেখা গেল। টাকা পাওয়ার পর এলাকার বহু মহিলা বিধায়ক সুবীর নাগকে ফুল ও মিষ্টি দিয়ে ধন্যবাদ জানাতে সেবা কেন্দ্রে উপস্থিত হন।
এদিন সেবা কেন্দ্রে আসা মহিলাদের সঙ্গে কথা বলেন বিধায়ক সুবীর নাগ। অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তা পাওয়ায় তাঁদের অভিনন্দন জানান তিনি। পাশাপাশি যাঁরা যোগ্য প্রাপক হওয়া সত্ত্বেও কোনও কারণে এখনও প্রকল্পের টাকা পাননি, তাঁদের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন বিধায়ক।
বিধায়ক সুবীর নাগ জানান, যোগ্য কোনও প্রাপক যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। যাঁরা কোনও কারণে এই মাসে টাকা পাননি, তাঁদের আগামী মাসে টাকা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়াকে কেন্দ্র করে উপভোক্তাদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়। ফুল ও মিষ্টি নিয়ে বিধায়ককে ধন্যবাদ জানাতে আসা মহিলাদের উপস্থিতিতে এদিন চুঁচুড়া নেতাজি সুভাষ সেবা কেন্দ্র কার্যত সরগরম হয়ে ওঠে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA