
নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে একটি বিক্ষোভ প্রদর্শন চলাকালীন ছররা গুলি (পেলেট) ব্যবহারের অভিযোগে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। শুক্রবার তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সমাজ মাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে তিনি জানান, পেলেট। ১০ আগস্ট টিএমসি-র সাকেত গোখলের করা একটি আরটিআই আবেদনের মাধ্যমে পেলেট সংক্রান্ত অপরাধমূলক ষড়যন্ত্রের সত্যতা সর্বপ্রথম প্রকাশ পায়। মোদী-শাহের সরকার এখনও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টায় রয়েছে।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এদিন তাঁর পোস্টে তৃণমূলের প্রাক্তন সাংসদ সাকেত গোখলের ১০ আগস্টের পোস্টটিও তুলে ধরেছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ