হাসনাবাদে বাড়ির সামনে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত দেহ, জমি বিবাদের জেরে খুনের অভিযোগ
হাসনাবাদ, ২১ আগস্ট (হি.স.): সাতসকালে বাড়ির সামনে এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাসনাবাদের স্মরণিয়া এলাকায়। মৃতার নাম খাদিজা বিবি (৫০)। শুক্রবার সকালে আমলানি গ্রাম পঞ্চায়েতের স্মরণিয়া এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় ব
গৃহবধূ খুন


হাসনাবাদ, ২১ আগস্ট (হি.স.): সাতসকালে বাড়ির সামনে এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাসনাবাদের স্মরণিয়া এলাকায়। মৃতার নাম খাদিজা বিবি (৫০)। শুক্রবার সকালে আমলানি গ্রাম পঞ্চায়েতের স্মরণিয়া এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তাঁকে খুন করা হয়েছে। জমি-জমা সংক্রান্ত পুরনো বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড বলে তাঁদের অনুমান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাদিজার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। কী কারণে এই খুন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে খাদিজার স্বামী মোশারফ শেখের সঙ্গে প্রতিবেশী আকবর শেখের জমি নিয়ে বিবাদ চলছিল। সেই ঘটনার জেরে প্রায় এক বছর আগে মোশারফ জেলে যান। বর্তমানে তিনি জেলেই রয়েছেন। খাদিজা তাঁর ছোট ছেলের বউ ও নাতনিকে নিয়ে বাড়িতে থাকতেন। দুই ছেলে ভিনরাজ্যে কাজ করেন।

বৃহস্পতিবার রাতে ছোট ছেলের বউ বাড়িতে ছিলেন না। নাতনিকে নিয়ে ঘুমিয়ে পড়েন খাদিজা। শুক্রবার সকালে প্রতিবেশীরা বাড়ির সামনে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande