
কলকাতা, ২১ আগস্ট (হি স)। বহিরাগত তাণ্ডবের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে যাদবপুর থানায় লিখিত ভাবে অভিযোগ জানাবেন তাঁরা। বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা সব সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
শুক্রবার শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর এমনই সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং যাদবপুর থানায় লিখিত ভাবে অভিযোগ জানানো হচ্ছে।
শিক্ষক এবং পড়ুয়াদের দাবি মেনে যাদবপুর থানায় লিখিত অভিযোগ করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে বহিরাগতেরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি ঐতিহ্যবাহী ভবনের সামনে আগুন জ্বালিয়েছে।
সূত্রের খবর, তিন সদস্যের তদন্ত কমিটিতে বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কোনও প্রতিনিধিকে রাখা হচ্ছে না। মনে করা হচ্ছে, কমিটিতে থাকতে পারেন বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন উপাচার্য, কলকাতার আর একটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং অপর একটি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি বিভাগের অধিকর্তা। তাঁরা সব ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত