
হাফলং (অসম), ২১ আগস্ট: ডিমা হাসাও জেলার উমরাংসোতে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের সম্ভাব্যতা ও অগ্রগতি যাচাইয়ের লক্ষ্যে একটি যৌথ মাঠপর্যায় সমীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার জানা গেছে এই বিষয়ে| প্রস্তাবিত এই বিমানবন্দর প্রকল্পের বাস্তবায়ন-সম্ভাবনা এবং পরবর্তী পর্যায়ের মূল্যায়নের ক্ষেত্রে এই সমীক্ষাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যৌথ মাঠ সমীক্ষায় গারমপানি বিধানসভা এলাকার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সদস্য তথা কার্যনির্বাহী সদস্য সামসিং ইংতি, ভূমি ও রাজস্ব বিভাগের কার্যনির্বাহী সদস্য প্রজিত হোজাই, পরিষদের রাজস্ব বিভাগের আধিকারিকরা, ডিমা হাসাও জেলা প্রশাসনের আধিকারিক এবং ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমীক্ষার সময় যৌথ দলটি প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণস্থল সরেজমিনে পরিদর্শন করে। প্রস্তাবিত এলাকার ভৌগোলিক ও কারিগরি পরিস্থিতি, জমি ও রাজস্ব সংক্রান্ত বিষয় এবং প্রশাসনিক বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। বিমানবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত স্থানটি প্রকল্পের উপযোগী কি না, সেই বিষয়েও প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ ও মূল্যায়ন করা হয়। প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়িত হলে ডিমা হাসাও জেলার বিমান যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে দুর্গম পাহাড়ি ভৌগোলিক অবস্থানের কারণে জেলার বিভিন্ন এলাকার সঙ্গে দ্রুত যোগাযোগের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা রয়েছে, বিমানবন্দরটি চালু হলে তার অনেকটাই দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, উমরাংসোতে বিমানবন্দর স্থাপিত হলে জেলার পর্যটন শিল্পের প্রসার, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিনিয়োগের সম্ভাবনাও বাড়তে পারে। এর ফলে ডিমা হাসাও এবং পার্শ্ববর্তী এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক, কারিগরি ও ভূমি-রাজস্ব সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখতে অনুষ্ঠিত এই যৌথ মাঠ সমীক্ষার ফলাফল পরবর্তী মূল্যায়ন ও প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট মহলের আশা। উমরাংসোয় প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পকে ঘিরে দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও সংস্থার আধিকারিকদের এই যৌথ মাঠপর্যায়ে পরিদর্শন প্রকল্পের অগ্রগতির ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব