
বাসন্তী, ২১ আগস্ট (হি. স.): শুক্রবার সুন্দরবনে সুস্থায়ী কৃষি প্রকল্পের কৃষকদের নিয়ে জৈব চাষের সম্ভবনা ও সমস্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হল বাসন্তীর জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রে। সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচশো কৃষক উপস্থিত ছিলেন এই কর্মশালায়। বিভিন্ন কৃষি বিজ্ঞানি থেকে শুরু করে ব্লক কৃষি দফতরের আধিকারিকরা যেমন জৈব পদ্ধতিতে কৃষকদের চাষে উৎসাহিত করেন, সেই চাষের সম্ভবনা ও সমস্যার বিষয় তুলে ধরেন, তেমনি এই জৈব চাষে কৃষকদের আরও বেশি করে উৎসাহ দিতে এদিন কর্মশালায় উপস্থিত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
এদিনের কর্মশালায় কৃষকদের উৎসাহদানের পাশাপাশি মন্ত্রী ঘোষণা করেন, পঞ্চায়েত দফতরের মাধ্যমে এলাকায় কৃষক বাজার তৈরি করা হবে। তারজন্য উপযুক্ত জায়গার খোঁজ চালানো হচ্ছে। সঠিক জায়গা পেলে সুন্দরবনের কৃষকদের জন্য কৃষক বাজার তৈরি করা হবে। পাশাপাশি যাতে কৃষকদের উৎপাদিত ফসল সঠিক বিপণনের মাধ্যকে ক্রেতাদের হাতে পৌঁছতে পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে বার্তা দেন তিনি। মন্ত্রী বলেন, “ সুন্দরবন এলাকার উন্নয়নের জন্য মূলত সুন্দরবন উন্নয়ন দফতর রয়েছে। তবুও আমরা এলাকার গৃহহীন মানুষের জন্য আবাস যোজনার মাধ্যমে ঘরের ব্যবস্থা যেমন করছি, তেমনি ১২৫ দিনের কাজের প্রকল্পে সেই ঘর তৈরি করে দেওয়ার জন্য বাড়তি বরাদ্দ দেওয়া হচ্ছে। পাশাপাশি এলাকার কৃষকদের উৎপাদিত ফসল যাতে সঠিক বাজার পায় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা