
হাফলং (অসম) ২১ আগস্ট (হি স): নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনের বসে যাওয়ার ঘটনায় লামডিং–বদরপুর পাহাড়ি শাখায় রেল পরিষেবা স্বাভাবিক করতে মেরামতির কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। লাইন নম্বর ১ ও ২-এ এখনও মেরামতির কাজ সম্পূর্ণ না হওয়ায় বর্তমানে লাইন নম্বর ৩ দিয়ে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত ভাবে চালু রাখা হয়েছে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রেন চলাচলের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। চলতি মেরামতির কাজের জেরে রাতের ট্রেন চলাচল নিয়ে একাধিক পরিবর্তন আনা হলেও শুক্রবার থেকে শিলচর–রঙ্গিয়া এক্সপ্রেস তার পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী রাত ১১টায় শিলচর থেকে রওনা দেবে। একই ভাবে আগামী ২২ আগস্ট থেকে রঙ্গিয়া–শিলচর এক্সপ্রেস রঙ্গিয়া থেকে পূর্বনির্ধারিত সন্ধ্যা ৭টায় ছাড়বে।
তবে নিউ হারাঙ্গাজাওয়ে রেলপথের বর্তমান পরিস্থিতির কারণে কয়েকটি ট্রেন সম্পূর্ণ বাতিল এবং কয়েকটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করেছে এনএফআর। ফলে যাত্রীদের যাত্রার আগে সংশোধিত সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বাতিল হওয়া একাধিক ট্রেন গুলি হচ্ছে ২২ আগস্ট যাত্রা করার কথা থাকা ১৫৬১৭ নম্বর গুয়াহাটি–দুল্লভছড়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে। একই ভাবে ২৩ আগস্ট যাত্রা করার কথা থাকা ১৫৬১৮ নম্বর দুল্লভছড়া–গুয়াহাটি এক্সপ্রেস-ও বাতিল থাকবে। এ ছাড়া ২২ আগস্ট যাত্রা করার কথা থাকা ১৫৬১৫ নম্বর গুয়াহাটি–শিলচর এক্সপ্রেস এবং ২৩ আগস্ট যাত্রা করার কথা থাকা ১৫৬১৬ নম্বর শিলচর–গুয়াহাটি এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। শুধু ট্রেন বাতিল নয়, আরও কয়েকটি ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ১৫৬৫০ নম্বর নারেঙ্গি–আগরতলা এক্সপ্রেস আগামী ২২ আগস্ট নারেঙ্গি থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছাড়বে। অন্য দিকে, ১৫৬৪১ নম্বর শিলচর–নিউ তিনসুকিয়া এক্সপ্রেস-এর সময়ও পরিবর্তন করা হয়েছে। আগামী ২২ আগস্ট শিলচর থেকে রাত ১০টা ১০ মিনিটে ট্রেনটি ছাড়বে। মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত নজরদারি নিউ হারাঙ্গাজাওয়ের কাছে রেললাইনের বসে যাওয়ার পর থেকেই পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি ও ভূমির পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যে রেলপথ পুনরুদ্ধারের কাজ চালাতে গিয়ে একাধিকবার সমস্যার মুখে পড়তে হয়েছে রেল কর্তৃপক্ষকে। তাই লাইন ১ ও ২ সম্পূর্ণ ভাবে পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত লাইন ৩ দিয়ে নিয়ন্ত্রিত ট্রেন চলাচলই বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষের তরফে যাত্রীদের সংশোধিত ট্রেন পরিষেবার বিষয়টি নজরে রেখে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, মেরামতির কাজের অগ্রগতি এবং স্থানীয় পরিস্থিতির উপর নির্ভর করে আগামী দিনগুলিতে ট্রেন পরিষেবায় আরও পরিবর্তন হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ফলে লামডিং–বদরপুর পাহাড়ি শাখায় যাতায়াতকারী যাত্রীদের ট্রেনে ওঠার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ সময়সূচি ও পরিষেবার অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। নিউ হারাঙ্গাজাওয়ে রেলপথ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সতর্কতাই যাত্রীদের দুর্ভোগ কমানোর পাশাপাশি নিরাপদ যাত্রা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব